মঞ্চে পিনপতন নীরবতা। পেছন থেকে ভেসে এল একটি কণ্ঠস্বর, ‘এবারে আসছে বাংলাদেশ থেকে আগত নটর ডেম কলেজের শিক্ষার্থীরা।’ একসঙ্গে শব্দ করে উঠল প্রায় দুই হাজার হাত। করতালি পেয়ে তো ভয় আরও বেড়ে গেল ওদের। হালকা আলোর ভেতরে ভেসে উঠল চারটি চেহারা। মিনহাজ-উজ সালেকিন ফাহমি, রজত চক্রবর্তী, সিফাত আহমেদ খান ও তানভীর অর্ণব করিম। মৃদু গিটারের ঝংকারের সঙ্গে তারা গাইল ‘আমি বাংলার গান গাই’। গানের কথা না বুঝেই গানের শেষে জর্ডানের এক শিক্ষার্থী এসে তার মুগ্ধতা প্রকাশ করে গেল এক শব্দে ‘ফ্যানটাস্টিক’। বলছিলাম ভারতের লক্ষৌতে অনুষ্ঠিত ‘কোয়েস্ট ২০১১ সেকেন্ড ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব বায়োটেকনোলজি’র কথা। কয়েকটি দেশের ৬৫টি দল নিয়ে লক্ষৌর সিটি মন্টেশ্বরী স্কুলে এই উ ৎ সব অনুষ্ঠিত হয় ২ থেকে ৬ আগস্ট। বাংলাদেশ থেকে অংশ নেওয়া চারটি প্রতিষ্ঠানের একটি নটর ডেম কলেজ, যারা জিতেছে মোস্ট ক্রিয়েটিভ টিমের পুরস্কার।নটর ডেম দলের চারজন শিক্ষার্থীর মধ্যে তানভীর ছাড়া বাকি তিনজনের এবারই প্রথম দেশের বাইরে কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া। এর রেশ বোঝা যায় রজতের কণ্ঠে, ‘আমাদের সবার ঢাকা ছাড়ার কথা ছিল ৩১ জুলাই। কিন্তু আর সবার ভিসা হলেও আমার ভিসা নিয়ে শেষ মুহূর্তে বেশ জটিলতা হয়। মন তো ভীষণ খারাপ। তাহলে কি আমি বাদ পড়ে যাব? বাকি তিনজন এরই মধ্যে ঢাকা ছেড়েছে। শেষে ১ আগস্ট আমার ভিসা হাতে পেলাম। আর তখনই আমাদের দলনেতা বিপ্লব স্যার (বিপ্লব কুমার দেব) বিমানের টিকিট কাটলেন। আমরা দুজনে কলকাতা গিয়ে পরে দলের সঙ্গে যোগ দিলাম। তখন যে কী মজার, বলে বোঝানো যাবে না। এরপর কলকাতা থেকে ট্রেনে চেপে লক্ষৌযাত্রা। ১৭ থেকে ১৮ ঘণ্টার মতো দীর্ঘ রেলভ্রমণ। ট্রেনের কথা উঠতেই জানা গেল, এই ট্রেনে সেদিন ছিল ৯০ শতাংশ তীর্থযাত্রী। আর তাদের সঙ্গেই জমিয়ে আড্ডা হলো ঘণ্টার পর ঘণ্টা। এরপর লক্ষৌ পৌঁছে সোজা রুমে।’অন্যদের মতো সিফাতও বেশ অবাক হলো, ‘একটা স্কুলের মধ্যে পুরো নতুন একটি ভবন বানানো হয়েছে অনুষ্ঠান উপলক্ষে স্কুলে আসা বিদেশি শিক্ষার্থীদের আবাসনের জন্য।’ তিন আগস্ট থেকে শুরু হয় প্রতিযোগিতা। এখানে এককভাবে ফাহমি অংশ নেয় ‘সলিড জিএম ফুড ব্র্যান্ড’ বিষয়ে, রজত চক্রবর্তী অংশ নেয় ‘সবুজ বায়োটেকনোলজি ও জলবায়ু পরিবর্তন’ বিষয়ে। রজত বলে, আমি তুলে ধরি জলবায়ু পরিবর্তন এবং তা মোকাবিলায় সবুজ বিপ্লবের নানা দিক।’ অনুষ্ঠানে সিফাতের প্রতিযোগিতা ছিল ‘বায়ো ইনফরমেটিকস’ বিষয়ে ওয়েব পেজের নকশা করা এবং তানভীর অংশ নেয় ‘টার্ন কোর্ট’ প্রতিযোগিতায়। তানভীর অর্ণব বলে, ‘ওখানে গিয়ে জানতে পেরেছি জর্ডান, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, রাশিয়াসহ বিভিন্ন দেশের সমাজ ও সাংস্কৃতি। রাশিয়ার দলটা তো সবাইকে অবাক করে দিয়ে ভারতের মাটিতেই বলিউডের গানে ডান্স করে তাক লাগিয়ে দেয়। আমরাও নেচেছিলাম তাদের নাচের সঙ্গে। তবে রজতের মজা ছিল বিভিন্ন দেশের ছেলেমেয়ের সঙ্গে উপহার বিতরণের পর্বটা।’ সে জানায়, ‘অমরা তো বাঁশি, মাটির পুতুল, পাখা ও গ্রামীণ নানা ছবি নিয়ে গিয়েছিলাম তাদের জন্য। উপমহাদেশের বাইরের ছেলেমেয়েরা এসব কোনো দিন দেখেনি, শুনেই আমার অবাক লাগল।’ ফাহমি শিখে এসেছে জর্ডানের বিশেষ কায়দার হাততালি। পেনড্রাইভে বদল করেছে দেশি গান, নাটক ইত্যাদি। নিয়ে এসেছে ওদের সংস্কৃতির গান। ফেসবুকে যোগাযোগ হচ্ছে অনেকের সঙ্গে। আর তাই ওদের বিশ্বাস, ‘এভাবেই আমরা এগিয়ে নেব বাংলাদেশকে, পরিচিত করবসারা বিশ্বে।’